বাজার ও বিপণনের সাফল্যের গল্প নিয়ে আসছে ‘মার্কেট ম্যাভেরিক’

সংগৃহীত ছবি
ব্যবসা ও বিপণনে সাফল্যের নেপথ্যের গল্প, সৃজনশীল চিন্তা এবং সফল বিপণন কৌশল তুলে ধরতে আসছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেন্টস মার্কেট ম্যাভেরিক’ শীর্ষক পডকাস্ট। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পডকাস্টের ঘোষণা দেওয়া হয়।
আয়োজনটির কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে হাভাস ক্রিয়েটিভ লিমিটেড। এ ছাড়া সহযোগী হিসেবে যুক্ত হয়েছে মুভরিল, আই স্ক্রিন, চ্যানেল আই অনলাইন ও দ্য ডেইলি স্টার।
আয়োজকদের ভাষ্য, দেশের ব্যবসায়ী ও বিপণন পেশাজীবীদের জন্য একটি মাস্টারক্লাস হিসেবে তৈরি করা হয়েছে ‘মার্কেট ম্যাভেরিক’। এতে দেশের শীর্ষস্থানীয় বিপণনবিদদের চিন্তাপ্রক্রিয়া, আলোচিত বিজ্ঞাপন প্রচারণার নেপথ্যের ভাবনা এবং বাজারের তাৎক্ষণিক প্রবণতা তুলে ধরা হবে।
পডকাস্টটি সঞ্চালনা করেছেন লেখক ও হাভাস ক্রিয়েটিভ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিঙ্কর আহসান। প্রথম মৌসুমে অতিথি হিসেবে থাকছেন শুভাশীষ ভৌমিক, জোহেব আহমেদ, সাবরিন মারুফ তিন্নি, আসিফ ইকবাল, জীশান কিংশুক হক, এ কে এম মাহমুদুল হাসান, মো. সাইমুম হোসাইন, ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, এ বি এম জাবেদ সুলতান, গোলাম সামদানি, তাজদিন হাসান ও মনির হোসেন।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট শুধু আর্থিক প্রবৃদ্ধিতে নয়, জ্ঞান বিনিময়ের মাধ্যমে পুরো শিল্পখাতকে এগিয়ে নেওয়ায় বিশ্বাসী। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড বিশ্বাস করে, মার্কেট ম্যাভেরিক নতুন প্রজন্মের পেশাজীবী ও ব্র্যান্ড নির্মাতাদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে।’
আয়োজকেরা জানিয়েছেন, ‘মার্কেট ম্যাভেরিক’-এর পর্বগুলো শিগগিরই আই স্ক্রিন এবং পডকাস্টটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন হাভাস ক্রিয়েটিভের সিইও কিঙ্কর আহসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া উদ্দিন মাহমুদ, আই স্ক্রিনের প্রধান মাহবুব রহিম উদয়, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে সুমিত পল ও মোহাম্মদ নুরুল আমিন আরমান এবং মুভরিলের পরিচালনা বিভাগের পরিচালক সেলিম হোসেন।




