অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চালু করল রূপালীক্যাশ ও এসএসএলকমার্জ

সংগৃহীত ছবি
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএলকমার্জের যৌথ উদ্যোগে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চালু হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং এসএসএলকমার্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম ইসহাক যৌথভাবে নতুন এই সেবার উদ্বোধন করেন।
এই ইন্টিগ্রেশনের ফলে রূপালীক্যাশের গ্রাহকরা এসএসএলকমার্জের আওতাভুক্ত ১৭ হাজারের বেশি প্রতিষ্ঠানে সহজে ও নিরাপদে কেনাকাটা ও সেবামূল্য পরিশোধ করতে পারবেন। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি, ই-কমার্স কেনাকাটা, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, চিকিৎসা খরচ এবং এয়ারলাইন্স ও বাসের টিকিট কাটাসহ নানা ধরনের ডিজিটাল পেমেন্ট সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ শাহেদুর রহমান, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং এসএসএলকমার্জের জেনারেল ম্যানেজার ও হেড অব বিএফএসআই মহিউদ্দিন তৌফিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



