ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি গবেষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

সংগৃহীত ছবি
মাদ্রাসাশিক্ষার মানোন্নয়ন ও উচ্চতর গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গবেষণা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয় ও দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। গবেষণার মাধ্যমে মাদ্রাসাশিক্ষার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের পথ চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করতে হবে।
তিনি আরও বলেন, অঞ্চলভিত্তিক সমস্যা চিহ্নিত করে ক্লাস্টার পদ্ধতিতে গবেষণার বিষয় নির্ধারণ করা হবে। দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ সৃষ্টির পাশাপাশি নির্বাচিত গবেষকদের জন্য এক বছর মেয়াদি বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের সম্পৃক্ত করে অনলাইনে ক্লাস ও গবেষণাবিষয়ক পরামর্শ দেওয়ার ব্যবস্থাও করা হবে।
গবেষণার বিষয়বস্তু তুলে ধরে উপাচার্য বলেন, কোরআন তিলাওয়াতের শুদ্ধতা, আরবি ভাষায় দক্ষতা এবং আরবি বলা, লেখা ও শেখার কার্যকর পদ্ধতি উদ্ভাবনে গবেষকদের গুরুত্ব দিতে হবে। গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে মাদ্রাসাশিক্ষার ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার আগ্রহ সৃষ্টি করতে হবে।
কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (USIM) কোরআন ও সুন্নাহ স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার ড. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, মাদ্রাসা পরিদর্শক অধ্যাপক ড. হুসাইন আহমাদ, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী ও উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।
কর্মশালায় এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকদের গবেষণাপদ্ধতিগত দক্ষতা উন্নয়ন, গবেষণার বিষয় নির্বাচন, তত্ত্বাবধান এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



