প্রিমিয়ার ব্যাংকের নতুন আমানত ১,৬৭৮ কোটি টাকা

‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ১,৬৭৮.৪৮ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে।
সংগৃহীত আমানতের মধ্যে রিটেইল ডিপোজিট ১,০৮৭.৫৮ কোটি টাকা, কর্পোরেট ডিপোজিট ৪৮৬.৪৬ কোটি টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪.৪৪ কোটি টাকা।
এ ছাড়া, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার নগদ আদায় করতে সক্ষম হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেছেন, এ অর্জন গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবে।
ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেছেন, মাত্র ৩৮ কর্মদিবসে অর্জিত এ সাফল্য কার্যকর পরিকল্পনা, দক্ষ বাস্তবায়ন এবং টিমওয়ার্কের ফল। উন্নত ডিজিটাল সেবার মাধ্যমে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতেও ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আস্থা এবং আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয়ে ভবিষ্যতেও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিষ্ঠানটির সব পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবে।




