স্যাটেলাইট প্রযুক্তিতে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান এবং বিএসসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এতে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংভিত্তিক গবেষণা, সমুদ্র পর্যবেক্ষণ, ব্লু ইকোনমি এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে।
এ সহযোগিতার আওতায় বিএসসিএলের ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Satellite Ocean Observation and Data Innovation Center (SODIC-CU)-এর Ocean Satellite Ground Station ও গবেষণা সক্ষমতা কাজে লাগানো হবে। পাশাপাশি বিএসসিএলের প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং আর্থ অবজারভেশন স্যাটেলাইটের ডেটা ব্যবহারে কারিগরি সক্ষমতা বাড়াতে সহযোগিতা করা হবে।
এ ছাড়া আন্তর্জাতিক আর্থ অবজারভেশন কর্মসূচিতে অংশগ্রহণ, যৌথ প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের সম্ভাবনা অনুসন্ধান এবং বাংলাদেশের ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইটের প্রয়োজন নির্ধারণে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের আর্থ অবজারভেশন ও স্যাটেলাইটভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ সক্ষমতা বাড়বে। একই সঙ্গে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা ও ব্লু ইকোনমিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম এবং বিএসসিএলের উপমহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ উপস্থিত ছিলেন।



