নগদ ও আইএফআইসি ব্যাংকের সমঝোতা চুক্তি

সংগৃহীত ছবি
নগদের গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাই করতে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।
আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাবনা যাচাই করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধা কাজে লাগিয়ে অর্থায়ন সুবিধা দেওয়ার বিষয়টিও এ সহযোগিতার আওতায় রয়েছে।
এ উদ্যোগ সম্পর্কে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা উল্লেখ করেছেন, এই অংশীদারত্বের মাধ্যমে দেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। তাঁর ভাষ্য, নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ খুঁজে দেখা হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সহযোগিতার ভিত্তিও আরও শক্তিশালী হবে।
নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ জানিয়েছেন, সারা দেশে নগদের তিন লাখের বেশি উদ্যোক্তা নেটওয়ার্ক রয়েছে। ফলে ব্যাংকের বিভিন্ন সেবা দেশজুড়ে পৌঁছে দিতে নগদ সহায়ক ভূমিকা রাখতে পারে। তাঁর ভাষ্য, এই সমঝোতার মাধ্যমে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা হবে।
সমঝোতা স্মারকের আওতায় প্রস্তাবিত ব্যবসায়িক ক্ষেত্রগুলোর সম্ভাব্যতা, কার্যকর মডেল ও বাস্তবায়নের সুযোগ দুই প্রতিষ্ঠান যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে।
২০২১ সালের মার্চ থেকে ‘অ্যাড মানি’ সেবার জন্য আইএফআইসি ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে নগদ। এ সেবার মাধ্যমে আইএফআইসি ব্যাংকের হিসাব থেকে নগদ ওয়ালেটে টাকা যোগ করতে পারেন গ্রাহকেরা। নতুন উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বাড়িয়ে আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং ও ঋণসেবাগুলো নগদের গ্রাহক ও এজেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হবে।



