ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে সচেতনতামূলক কর্মশালা

সংগৃহীত ছবি
ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা এবং ব্যাংকের করণীয় নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) পরিচালক মোহাম্মদ আব্দুর রব।
কর্মশালায় সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এ খান বেলাল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
আয়োজকরা জানান, কর্মশালায় ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যাংকিং খাতে আধুনিক ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিচালক আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ মো. সোহেল খুরশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।



