প্লাস্টিক ও সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহী কুয়েত

সংগৃহীত ছবি
বাংলাদেশে প্লাস্টিক, সিরামিক, চামড়াজাত পণ্যসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথ অংশগ্রহণে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে উভয়পক্ষ।
আজ বুধবার এফবিসিসিআইয়ের উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ অনলাইন ব্যবসায়িক সভায় এসব সিদ্ধান্ত ও আলোচনার বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, এফবিসিসিআই নেতারা, কূটনীতিক এবং দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্যে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক দুদেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও আইসিটি খাতের ক্রমবর্ধমান বৈশ্বিক সক্ষমতার কথা তুলে ধরে কুয়েতি উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল এবং এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুয়েতের ভোক্তাদের উচ্চ ক্রয়ক্ষমতার কারণে সেখানে বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, আইসিটি ও প্লাস্টিকের বিশাল বাজার রয়েছে। দুদেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারত্ব বাড়াতে বাংলাদেশ অ্যাম্বাসি কাজ করছে।
কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ আশ্বস্ত করেন, দুদেশের উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় ও দ্বিপাক্ষিক যোগাযোগ সুদৃঢ় করতে তাদের সংস্থা অগ্রণী ভূমিকা পালন করবে।



