বেড়েছে সোনা-রুপার দাম

সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও সোনা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়, যা গতকাল রবিবার পর্যন্ত ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
আজ সোমবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ তথ্য জানিয়েছে। নতুন নির্ধারিত এই দাম আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করেছে বাজুস।






