আমিরাতের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাউন্সিল গঠনের তাগিদ

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুবাইয়ে বৈঠক করেন উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক এবং দুবাইয়ে নিযুক্ত কমার্সিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে দ্রুত ‘যৌথ বিজনেস কাউন্সিল’ গঠনের তাগিদ দিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহযোগিতা চেয়েছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
এতে কনসাল জেনারেল জানান, কাউন্সিল গঠনের প্রস্তাবটি আগে থেকেই ছিল, তবে সম্প্রতি আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে এ নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন। যৌথ বিজনেস কাউন্সিল গঠিত হলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ার পাশাপাশি ভিসা সংক্রান্ত জটিলতাও সহজে নিরসন হবে। জবাবে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বিজনেস কাউন্সিল গঠনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার এবং রপ্তানি বাড়ানোর বিষয়টি বিশেষভাবে উঠে আসে। ফজলুল হক মুসলিম দেশগুলোতে বাংলাদেশি হালাল পণ্য রপ্তানি বাড়াতে কনস্যুলেট জেনারেলের সহায়তা চান এবং উভয় পক্ষ এ বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়।
বৈঠকে উপস্থিত দুবাইয়ে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার জানান, বিজিএমইএ আয়োজিত বাংলাদেশে অনুষ্ঠিতব্য তৈরি পোশাক মেলায় অংশ নিতে দুবাইয়ের একাধিক শীর্ষ প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তিনি এই প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।



