বসুন্ধরা সিটিতে নিম্নমানের পণ্য বিক্রি, ৬ লাখ টাকা জরিমানা

বসুন্ধরা সিটিতে বিএসটিআইয়ের অভিযান
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন- বিএসটিআই। অভিযানে বিএসটিআইর পরীক্ষণ ও ছাড়পত্র ছাড়া নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া চকলেট, ফ্লেভার ড্রিংকস, গুঁড়া দুধসহ বিভিন্ন শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে ‘আলমাস সুপার শপ’কে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘সোফিয়াস বিউটি হাউস’-এর বিরুদ্ধে নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয় ১ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. সাফায়েত হোসেন।
বিএসটিআই জানিয়েছে, দেশব্যাপী বাজার তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে ক্রেতাদের বিএসটিআই এর অনুমোদিত ও মানসম্পন্ন পণ্য কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।




