খেজুর, মালটা, আপেলের আমদানি শুল্ক কমলো

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার সচিবালয়ে। ছবি: পিআইডি
পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর, মালটা ও আপেলের আমদানি শুল্ক কমিয়েছে সরকার।
আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বাসস জানিয়েছে।
খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে।
এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মালটা এবং আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই তিনটি ফল আমদানির শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা মন্ত্রিসভা অনুমোদন করে।
বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলেও বাসস জানিয়েছে।
নতুন খসড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান যুক্ত করা হয়েছে।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ১৪ অক্টোবর জারি করা হয়েছিল।
তা এখন সংসদে অনুমোদন করিয়ে নেওয়া হবে। সে কারণে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় তোলা হয়।



