কানাডায় পোশাক মেলায় ঢাকার ১৩ প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি
উত্তর আমেরিকার বাজারে তৈরি পোশাক ও টেক্সটাইলের হিস্যা বাড়াতে কানাডার মিসিসাগায় শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান।
‘অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি) ২০২৬’ শীর্ষক এই প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব (সাসটেইনেবল) পোশাক পণ্য তুলে ধরছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তারা।
অন্টারিও প্রদেশের দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিচালনা করা হচ্ছে। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে জেপি কমিউনিকেশনস ইনকর্পোরেটেড ও অফিসিয়াল ন্যাশনাল পার্টনার ক্যানাডিয়ান অ্যাপারেল ফেডারেশন (সিএএফ)।
বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) সাখাওয়াত হোসেন। এ সময় বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও শীর্ষস্থানীয় বাণিজ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্যাভিলিয়নে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর পণ্যের পাশাপাশি ইপিবি ও হাইকমিশনের যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে বিশেষ তথ্য বুথ। সেখান থেকে লিফলেট ও ব্রশিয়ারের মাধ্যমে কানাডীয় আমদানিকারক ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সার্বিক রপ্তানি সক্ষমতা এবং বৈচিত্র্যময় পণ্যের তথ্য তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ২৫০টিরও বেশি প্রতিষ্ঠান ১০০টি বুথে তাদের পণ্য প্রদর্শন করছে। তিন দিনে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও বিশ্বখ্যাত ক্রেতা প্রতিনিধি মেলা পরিদর্শনের কথা রয়েছে। পোশাক শিল্পে সর্বাধুনিক প্রযুক্তির সংযোজন, উদ্ভাবনী ফেব্রিক এবং টেকসই উৎপাদনের বিষয়টিকেই এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো— ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার লিমিটেড, গ্যাৎসবী গ্রুপ, আনে টেক্স বিডি লিমিটেড, নিট ফেয়ার লিমিটেড, ফিয়াট ফ্যাশন লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আশরাফ-উল সোয়েটার (প্রাইভেট) লিমিটেড, এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসআই কম্পোজিট লিমিটেড এবং আমানাহ অ্যাপারেলস।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে কানাডার বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের নতুন ক্রেতা সৃষ্টির পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে।



