৯ মাসে রবির মুনাফা বেড়েছে ১২১ কোটি টাকা

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ১২১ কোটি ৩৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির আয়ও বেড়েছে ৭ শতাংশ। কোম্পানিটির প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে রবি আজিয়াটার আয় হয়েছে ৭ হাজার ৯২৯ কোটি ৫৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৭ হাজার ৪০৭ কোটি ৩৬ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৫২২ কোটি ২১ লাখ টাকা বা ৭ শতাংশ।
এ সময়ে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৭৪৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬২৫ কোটি ১৬ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২১ কোটি ৩৮ লাখ টাকা বা ১৯ শতাংশ। এতে চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবি আজিয়াটার আয় হয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ৭১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৫১১ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১৭৫ কোটি ৩১ লাখ টাকা বা ৭ শতাংশ।
তবে তৃতীয় প্রান্তিকে মুনাফা বৃদ্ধির হার ছিল তুলনামূলক কম। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২৫১ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪২ কোটি ২৭ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে ৯ কোটি ২ লাখ টাকা বা ৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ পয়সা।



