ডিএফসির তালিকায় বাংলাদেশ
দেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়ল

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের এ সংস্থার অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ডিএফসি জানায়, বাংলাদেশের এ যোগ্যতা দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে বিনিয়োগের ঘাটতি পূরণ এবং অর্থায়নসংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব হবে। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে।
ডিএফসি জানিয়েছে, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প শুধু অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেছেন, অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বললেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’
ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করা এবং বেসরকারি পুঁজি কাজে লাগানোর পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে কাজ করছে ডিএফসি।



