সরকার আন্তরিক হলে এ বাজেট বাস্তবায়ন সম্ভব : ন্যাশনাল লেবার পার্টি

সংগৃহীত ছবি
জাতীয় বাজেট প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির (এনএলপি) চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জাতীয় বাজেটের আকার যত বড়ই হোক না কেন, সরকার আন্তরিক ও সংকল্পবদ্ধ হলে এর সফল বাস্তবায়ন অবশ্যই সম্ভব।’
এদিকে, আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিবৃতিতে লায়ন ফারুক উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকারের প্রথম এই বাজেটটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়। এটি মূলত ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী। বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা, প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দেশের জন্য ইতিবাচক। বিশেষ করে ভৌত অবকাঠামোর চেয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো মানবসম্পদ উন্নয়ন খাতে সর্বোচ্চ জোর দেওয়াকে তিনি সাধুবাদ জানান।
এনএলপি চেয়ারম্যান বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর ছাড়ের প্রস্তাব, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যুবসমাজকে রক্ষায় ক্রিয়েটিভ ইকোনমিতে ৩০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ এবং ‘ই-হেলথ কার্ড’ ও বাংলাবিজ ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিসের মতো আধুনিক উদ্যোগগুলোর প্রশংসা করেন। তবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের বিশাল লক্ষ্যমাত্রা অর্জনকে মূল চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো আংশিক বাস্তবায়ন (৫০ শতাংশ বৃদ্ধি) এবং ব্যাংকঋণের ওপর চাপ কমানোর যে কৌশল নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে প্রশাসনকে কঠোর ও দুর্নীতিমুক্ত হতে হবে। সরকার সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে এই বাজেট দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






