কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান আনসার-ভিডিপি ব্যাংক চেয়ারম্যানের

সংগৃহীত ছবি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিয়োগপ্রাপ্ত সিনিয়র অফিসারদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ বৃহস্পতিবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫৩ জন সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে ব্যাংকের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, মূল্যবোধ, সেবাদর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় তাদের।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের প্রায় ৬১ লাখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ সময় ব্যাংকের মিশন, ভিশন ও মৌলিক মূল্যবোধের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যের সমন্বয় সাধন করে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।চেয়ারম্যান বললেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে একজন কর্মকর্তার শুধু প্রচলিত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকসেবামুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।




