ব্যাংক এশিয়া ডিজিটাল পেমেন্টকে অভ্যাসে পরিণত করছে

বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করবে। একটি একক কিউআর কোডের মাধ্যমে যখন গ্রাহকরা পছন্দমতো যেকোনো ব্যাংকের বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে লেনদেন করতে পারবে, তখন নিঃসন্দেহে তা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভাজন কমিয়ে আনবে এবং ক্যাশলেস লেনদেনকে আরও উৎসাহিত করবে।
ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে অনানুষ্ঠানিক খাতকে ডিজিটাল অর্থনীতির আওতায় আনার ক্ষেত্রেও বাংলা কিউআরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাস্তার পাশে চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান, ছোট ও খুচরা ব্যবসা থেকে শুরু করে বড় সুপারশপ— সব ধরনের ব্যবসায়ী সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারছেন কোনো ধরনের পস (POS) মেশিনে বিনিয়োগ ছাড়াই। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের রেকর্ড ব্যবসায়ীদের জন্য একটি যাচাইযোগ্য আর্থিক বিবরণী তৈরি করবে, যা ভবিষ্যতে তাদের জন্য ঋণ, ওয়ার্কিং ক্যাপিটাল ও অন্যান্য আর্থিক সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি করবে।
একটি কার্যকর ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং ফিনটেক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে অভিন্ন সেটেলমেন্ট ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, লেনদেন-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, মার্চেন্ট অনবোর্ডিং এবং গ্রাহক সচেতনতা কার্যক্রমে জোর দেওয়া আবশ্যক। পাশাপাশি প্রতারণা প্রতিরোধ, ডিজিটাল সাক্ষরতা, ইন্টারনেট সংযোগ এবং সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। ক্যাশব্যাক, লয়্যালটি রিওয়ার্ড এবং অন্যান্য প্রণোদনা গ্রাহকদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ সৃষ্টি করবে।
নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে এর সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যাপক মার্চেন্ট অনবোর্ডিং এবং গ্রাহকসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে ব্যাংক এশিয়া। দেশব্যাপী বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ডিজিটাল লেনদেনে সক্রিয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর-প্রণোদনা, লেনদেন ব্যয় কমানো, সহজতর কমপ্লায়েন্স ব্যবস্থা, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করছে ব্যাংক এশিয়া।
দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়া ব্যাংক এশিয়ার কৌশলগত অগ্রাধিকারের অংশ। নতুনভাবে চালু হওয়া Bank Asia ZEN মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর সুবিধা ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকসচেতনতা বৃদ্ধি, কর্মীদের প্রশিক্ষণ এবং ডিজিটাল পেমেন্ট সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআরের সাফল্য শুধু কতগুলো কিউআর কোড স্থাপন করার ওপর নির্ভর করবে না; বরং দেশের মানুষের দৈনন্দিন জীবনে কতটা সহজ, নিরাপদ ও স্বাভাবিকভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহৃত হচ্ছে, এর ওপরই এর প্রকৃত সাফল্য নির্ভর করবে। দেশে অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতি গঠনের এই জাতীয় উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখায় তৎপর রয়েছে ব্যাংক এশিয়া।
লেখক: অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, ব্যাংক এশিয়া পিএলসি



