বেসিক ব্যাংকের দখলে প্রধান কার্যালয়

১৩ বছরেরও বেশি সময়ের আইনি জটিলতা কাটিয়ে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভবনটির দখল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন। এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে ব্যাংকের নিজস্ব ভবনের দখল পাওয়া গেছে। ভবনটি যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই আদালত ব্যাংকের কাছে এর দখল হস্তান্তর করেছেন। এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেছেন, ভবনটির অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে নিজস্ব ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংকের ব্যয় সাশ্রয় হবে।



