জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম

মো. মাহবুব আলম
জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. মাহবুব আলম। আজ বুধবার থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন।
সাউথইস্ট ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এনসিসি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও কাজ করেছেন তিনি।
মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। পরের বছর উত্তরা ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
যমুনা ও মার্কেন্টাইল ব্যাংকে শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্ম নেন মাহবুব আলম। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।




