ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর নেই ফ্লোর প্রাইস

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ারদরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করা হয়েছে। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফেরাতে দীর্ঘ সময় পর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্ত কার্যকর হবে আজ থেকে।
গতকাল সোমবার বিএসইসির বিশেষ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের আলোকে জারি করা হয় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত আদেশ।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেছেন, ‘ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে কমিশন। আজ থেকে ফ্লোর প্রাইস ছাড়াই ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার লেনদেন হবে।’
আদেশে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্টে জারিকৃত আদেশ পরিবর্তন করে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার লেনদেনের ওপর আরোপিত ফ্লোর প্রাইস এবং অন্যান্য শর্তাবলি প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া এখন থেকে দুই কোম্পানিসহ সব তালিকাভুক্ত শেয়ারের ক্ষেত্রে ২০২১ সালের ১৭ জুন সার্কিট ব্রেকার বিধান অনুযায়ী ঊর্ধ্বসীমা (আপার লিমিট) ও নিম্নসীমা (লোয়ার লিমিট) প্রযোজ্য হবে।




