রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

সংগৃহীত ছবি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসদৃশ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে আটক করা হয় তাদের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে পরিচালনা করা হয় অভিযান। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পান কর্মকর্তারা।
অভিযানে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক ছিলেন উপস্থিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলছিলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা। পাশাপাশি ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ ধরনের অভিযান।




