সরকারি চাকরিজীবী
বেতন-ভাতার অসংগতি দূর করতে ছয় মন্ত্রীর কমিটি

গ্রাফিকস: আগামীর সময়
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় গ্রেডের ক্রম, পদোন্নতি ও উচ্চতর গ্রেড নিয়ে সৃষ্ট অসংগতি দূর করতে ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বেতন গ্রেড পুনর্বিন্যাস, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পরিবর্তনের সুপারিশ করবে এ কমিটি। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটির আনুষ্ঠানিক নাম ‘কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের কাছ থেকে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ থাকলেও সুপারিশ দেওয়ার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ফলে বেতন কাঠামোর অসংগতি দূর করতে কর্মচারীদের আরও অপেক্ষা করতে হতে পারে।
নতুন বেতন কাঠামো নিয়ে কর্মচারীদের অভিযোগের মধ্যে রয়েছে একই ধরনের দায়িত্ব পালন করেও বিভিন্ন পদের গ্রেডে পার্থক্য, পদমর্যাদার সঙ্গে গ্রেডের অসামঞ্জস্য এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা কমে যাওয়া। ১১তম ও ১২তম গ্রেডের বেতন নির্ধারণেও অসংগতি দেখা দিয়েছে।
কমিটির কার্যপরিধিতে এসব অসংগতি নিরসনের পাশাপাশি বিভিন্ন পদের গ্রেড উন্নীত বা অবনমন, গ্রেডের মধ্যে সামঞ্জস্য বিধান, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পুনর্নির্ধারণের বিষয়ও রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশিত হয়। ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কর্মচারীদের বেতন নির্ধারণের সময় দেওয়া হয়েছিল। যারা এ সময়ের মধ্যে বেতন নির্ধারণ করতে পেরেছেন, তারা ১ নভেম্বর থেকে জুলাইয়ের বকেয়াসহ নতুন কাঠামোয় বেতন পেয়েছেন। তবে বেতন নির্ধারণে আইবাস++ ব্যবস্থায় প্রযুক্তিগত জটিলতার পাশাপাশি গেজেটের কয়েকটি বিধান নিয়েও ব্যাখ্যার প্রয়োজন দেখা দিয়েছে।



