চাকরি দেওয়ার নামে সক্রিয় প্রতারক চক্র, সতর্ক করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি : সংগৃহীত
আয়কর বিভাগে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই চক্রটি অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের প্রতারণার চেষ্টা করছে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
আজ সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বর্তমানে আয়কর বিভাগের শূন্য পদে নিয়মিত নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তবে এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি ও চক্র ভুয়া নিয়োগের আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।
এতে আরও বলা হয়, প্রতারক চক্রটি বিভ্রান্তকর প্রচারণার মাধ্যমে দাবি করছে, অর্থ দিলে চাকরি নিশ্চিত করা সম্ভব। এমনকি তারা কিছু ক্ষেত্রে ব্যর্থ প্রার্থীদের অর্থ ফেরত দেওয়ার কথা বললেও তাদের মূল উদ্দেশ্য হলো ভুয়া আশ্বাসের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া।
এনবিআর আরও জানিয়েছে, চলমান নিয়োগপ্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে। ফলে এখানে কেবল যোগ্যতার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
প্রতারণা এড়াতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, কোনো অবস্থাতেই চাকরি দেওয়ার নামে কারও সঙ্গে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। এ ধরনের কোনো প্রতারণার তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা এনবিআরের জনসংযোগ শাখায় জানাতে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে এই প্রতারক চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






