বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

গ্রাফিকস: আগামীর সময়
নোয়াখালীর সুবর্ণচরে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ফয়েজ আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ। রবিবার সন্ধ্যায় উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের খাসেরহাট রাস্তার মাথা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত ফয়েজ আহমেদ চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় আটকপালিয়া বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফয়েজ আহমেদ। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে বৃদ্ধকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।’






