রোজায় ভোগাতে পারে দ্রব্যমূল্য
- মিল পাইকারি খুচরা পর্যায়ে মনিটরিং ও শাস্তি নিশ্চিত করতে হবে: এ এইচ এম সফিকুজ্জামান

গ্রাফিকস: আগামীর সময়
আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় আগামী রমজানে দেশের বাজারে বাড়তি দামের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বরাবরের মতোই আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্যকে কারণ হিসেবে দেখাচ্ছেন। বাজারের তথ্যেও তার প্রতিফলন রয়েছে। একটি পণ্য জাহাজীকরণ, সমুদ্রপথ পাড়ি দিয়ে বন্দরে পৌঁছানো এবং খালাস শেষে বাজারে আসতে ৪৫ থেকে ৯০ দিন বা প্রায় তিন মাস সময় লাগে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী রমজানের চাহিদা মেটাতে প্রয়োজনীয় চিনি, ছোলা ও সয়াবিন তেলের সিংহভাগ আমদানির ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানি কার্যক্রম প্রায় চূড়ান্ত। ফলে আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে।
বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেটস বা পিঙ্ক শিটের সাম্প্রতিক প্রতিবেদন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববাজারে চিনি ও সয়াবিন তেলের দাম এখনো তুলনামূলক উচ্চপর্যায়ে রয়েছে। ব্রাজিলে বৈরী আবহাওয়া এবং বায়োফুয়েল উৎপাদনে আখের ব্যবহার বাড়ায় চিনির সরবরাহে চাপ রয়েছে। অন্যদিকে, এফএওর ভোজ্য তেল মূল্যসূচকও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ছোলার প্রধান রপ্তানিকারক দেশগুলোতে প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সাপ্তাহিক পর্যালোচনায় পরিশোধিত চিনি ও তেলের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, দীর্ঘমেয়াদি উচ্চমূল্যের তুলনায় তা সামান্য। বরং ছোলার আন্তর্জাতিক বাজারদর বেড়ে প্রতি টন ৬৭৯ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।
আমদানি ব্যয় বাড়ার আরেকটি কারণ সমুদ্রপথের শিপিং ও লজিস্টিকস সংকট। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক কার্গো জাহাজের রুট পরিবর্তন, পরিবহন সময় বৃদ্ধি এবং শিপিং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়েছে। ফলে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা পণ্য দেশে আনতে বাড়তি পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০, মানভেদে ছোলা ১১৫ এবং খোলা পাম অয়েল ১৬৫ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে।
রমজানের বাজার স্থিতিশীল রাখতে সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চাল, চিনি, সয়াবিন তেল, ছোলাসহ রমজানের ১১টি অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সুবিধা দিতে শূন্য বা সর্বনিম্ন মার্জিনে এলসি খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য টিসিবির ওএমএস কার্যক্রমের আওতা বাড়িয়ে কম দামে তেল, ডাল ও চিনি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্যশস্যের মজুদ ২১ লাখ ৭ হাজার ৩৫২ টন। পাশাপাশি অবৈধ মজুদ ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং সেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি চালাচ্ছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক বাজারের সাময়িক ওঠানামার চেয়ে দীর্ঘমেয়াদি উচ্চমূল্য ও ডলারের বিনিময় হার বেশি উদ্বেগের বিষয়। বিশেষ করে ছোলার উচ্চমূল্য এবং শিপিং ব্যয় আমদানির খরচ বাড়িয়ে দিচ্ছে। তবে তিন মাসের আমদানি প্রক্রিয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারেন। কম দামে কেনা পুরনো পণ্য মজুদ রেখেও রমজানের অজুহাতে দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। তাই শুধু এলসি সুবিধা বা টিসিবির কার্যক্রম নয়, মিলগেট থেকে খুচরা বাজার পর্যন্ত কঠোর নজরদারি এবং অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী ভুট্টো বলেছেন, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও জাহাজ ভাড়া, ডলারের বিনিময় হার ও লজিস্টিকস ব্যয়ের কারণে আমদানির প্রকৃত খরচ এখনো বেশি। তবে পাইকারি পর্যায়ে যৌক্তিক দামে পণ্য সরবরাহে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ। মজুদ পণ্য নিয়ে কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা প্রতিহত করা হবে। তিনি বললেন, চট্টগ্রাম বন্দর ও মিলগেট থেকে পণ্য যাতে নির্বিঘ্নে খুচরা বাজারে পৌঁছাতে পারে, সেজন্য পরিবহন ব্যবস্থা সহজ করা এবং সরকারি তদারকি কার্যক্রম আরও কার্যকর করা প্রয়োজন। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।



