আধুনিক তথ্য ব্যবস্থাপনায় বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে : অর্থমন্ত্রী

ছবি: আগামীর সময়
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানালেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্থাটির কাজ হবে, আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ নিশ্চিত করা।
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী। সভার আয়োজন করেছে পরিসংখ্যান ব্যুরো। এবছর পরিসংখ্যান দিবসের মূল প্রতিপাদ্য হলো- নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বললেন, আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এখানে যাতে কোনো অস্বচ্ছতা না থাকে। ডেটার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা না থাকলে সেই সরকার নির্বাচিত সরকার হতে পারে না।
‘সেই সঙ্গে যে সরকারের হাতে, প্রতিষ্ঠানের হাতে বা ব্যক্তির হাতে সঠিক ডেটা থাকবে না তারা সামনে এগোতে পারবে না’, যোগ করেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ আরও বললেন, কোনো সরকার যদি তথ্য গরমিল করে তাহলে নিজের সঙ্গেই প্রতারণা করা হয়। ভুল তথ্য দিয়ে নিজেকেই বোকা বানানো হয়। তথ্য একটি সরকারের বড় সম্পদ। এটি সঠিকভাবে সংগ্রহের বিকল্প নেই।
‘রোগের যেমন গভীরে না যেতে পারলে সমাধান সম্ভব নয়, তেমনি সঠিক তথ্য না থাকলে বা তথ্যের গভীরে না গেলে সমস্যার সমাধান হবে না’, মন্তব্য মন্ত্রীর।
‘তাই আমরা বিবিএসের বিভিন্ন তথ্যের ফরেনসিক অডিট করছি।’
বিবিএসের জনবল সংকট দূর করার প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিবিএসের জনবল সংকট কাটানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার সভার সভাপতিত্ব করেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বললেন, পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য আমরা সহজলভ্য পরিসংখ্যান ও ওপেন ডাটার দিকে যাচ্ছি। নৌ শুমারিতে গত সরকার বলেছিল, ১৩ হাজার ইঞ্জিন চালিত নৌকা আছে। কিন্তু এবারের শুমারিতে এই সংখ্যা ২ লাখ ৬৭ হাজার হয়েছে। তাহলে কত তথ্যের গ্যাপ ছিল।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিও ছিলেন আলোচনা সভার বিশেষ অতিথি। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই তথ্যের বিকৃতি হতে দেওয়া হবে না। জনগণের জন্য নির্ভরযোগ্য, নিরপেক্ষ ও সহজলভ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সভায় আলোচক ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। এতে বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ৷



