ঢাকায় গ্রেপ্তার রায়পুরার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মেহেদী

মেহেদী মোল্লা
নরসিংদীর রায়পুরা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মেহেদী মোল্লাকে ঢাকার খিলগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।
পুলিশ জানায়, মেহেদী মোল্লার বিরুদ্ধে রায়পুরা থানায় নাশকতাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলা হওয়ার পর থেকে তিনি নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মেহেদী মোল্লা রায়পুরা থানার তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর খিলগাঁও থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। গ্রেপ্তারের বিষয়টি খিলগাঁও থানা পুলিশ রায়পুরা থানাকে জানিয়েছে।




