সুন্দরবনে তিন বছরে চার পর্যটকের মৃত্যু, একাধিক নৌযানডুবি
- নিরাপত্তা, চিকিৎসা ও উদ্ধারব্যবস্থার ঘাটতি নিয়ে বাড়ছে উদ্বেগ

ছবি: আগামীর সময়
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজারো পর্যটক ছুটে আসেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। নদী, খাল, বন্য প্রাণী আর সাগরের বিশাল জলরাশি পর্যটকদের আকৃষ্ট করলেও এই ভ্রমণ সব সময় নিরাপদ হয়ে ওঠে না। গত তিন বছরে সুন্দরবন ভ্রমণে এসে অন্তত চার পর্যটকের মৃত্যু হয়েছে। এর মধ্যে নদী ও সাগরের পানিতে ডুবে, দুর্ঘটনায় এবং অসুস্থ হয়ে ঘটেছে এসব মুত্যুর ঘটনা। পাশাপাশি বিভিন্ন সময়ে পর্যটকবাহী নৌযানেও ঘটেছে একাধিক দুর্ঘটনা।
সর্বশেষ গত ৬ নভেম্বর (শুক্রবার) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লির সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক। সাগরের প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। ঘটনার প্রায় ৩৫ ঘণ্টা পর শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে তার মরদেহ আলোরকোলের টানার মাথা খালসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ড।
নিহত পর্যটক ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে। রিয়াজ ১০ জনের একটি পর্যটক দলের সঙ্গে ‘ইকো ট্যুরিজম-২’ নামের নৌযানে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। পর পর কয়েকটি দুর্ঘটনায় সুন্দরবনের পর্যটন এলাকায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের।
এর আগে ২০২৫ সালের ৮ নভেম্বর পূর্ব সুন্দরবনের পশুর ও ঢাংমারী নদীর মোহনায় পর্যটকবাহী নৌযান ডুবে প্রাণ হারান যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি রিয়ানা আবজাল (২৮)। পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে গিয়ে নৌযানটি ঢেউয়ের ধাক্কায় ডুবে গেলে অন্যরা উদ্ধার হলেও নিখোঁজ হন তিনি। দুই দিন পর মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একই বছরের ২০ সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে পর্যটকবাহী জাহাজে অবস্থানকালে মারা যান আইরিশ নাগরিক কারমেল নইলিন (৫৭)। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। ওই বছরের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান মাহিত আকব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটক।
এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে যায়। তবে এ ঘটনায় ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরো একটি জালিবোট ডুবে গিয়েছিল। বন বিভাগ ও ট্যুর অপেটর সূত্রে জানা গেছে এসব তথ্য।
বন বিভাগের সতর্কতা
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। রহস্যময় এই বনের প্রতিটি পরতে পরতে রয়েছে রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন দৃশ্য। যা একজন পর্যটককে খুব সহজেই আকৃষ্ট করে। ডাঙায় রয়েল বেঙ্গল টাইগার, নানা জাতের সাপ আর জলে রয়েছে কুমির। পর্যটকেরা যে পথে হেঁটে যান, সেই পথেই রয়েছে বাঘের চলাচল। এ ছাড়া ডিমের চর, কটকা জামতলা, মান্দারবাড়িয়া এবং দুবলার চর ঘেঁসে রয়েছে বঙ্গোপসাগর। সাগর সৈকতে আছড়ে পড়ে উত্তাল ঢেউ। রয়েছে ঢেউয়ের ঘূর্ণিপাক আর চোরাবালি। সব মিলিয়ে সুন্দরবনের এমন বৈচিত্র্যময়তায় অনেকে আবেগ ধরে রাখতে না পেরে ঝাঁপিয়ে পড়েন সাগরে, আবার অনেক সময় রূপে মুগ্ধ হয়ে হারিয়ে যান মায়ার জালে। তাই এই বনে চলাচল এবং সৈকতে নামার ব্যাপারেও থাকতে হয় সর্বোচ্চ সতর্কতা। অতি আবেগ এবং সাহসিকতা দেখাতে নিজের মতো করে চলতে গেলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একটু ভুলের কারণে আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হতে পারে বিষাদে। তাই সুন্দরবনে কেউ ভ্রমণে গেলে বন বিভাগ ও ট্যুর গাইডদের নির্দেশনা মেনেই চলতে হবে।
নৌদুর্ঘটনার ঝুঁকি
সুন্দরবনের বিস্তীর্ণ নদ-নদী, খাল, মোহনা ও সাগর উপকূল দিয়ে পর্যটকবাহী জাহাজ, লঞ্চ ও ট্রলার চলাচল করে। কোথাও কোথাও নদীর তীব্র স্রোত, ডুবোচর, ঢেউ ও বৈরী আবহাওয়া নৌযান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে। কিছু কিছু পর্যটকবাহী নৌযানের ফিটনেস, ধারণ সক্ষমতা, নিরাপত্তা সরঞ্জাম এবং চালকদের দক্ষতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বিধি মানার বিষয়ে বন বিভাগ ও শাসনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা মান হয় না বলেও অভিযোগ রয়েছে।
উদ্ধার অভিযান ও চিকিৎসায় ভোগান্তি
সুন্দরবনের অধিকাংশ পর্যটনকেন্দ্রগুলোর মূল ভূখণ্ড চিকিৎসা কেন্দ্র ও জনবসতি থেকে অনেক দূরে। কটকা, কচিখালী, জামতলা, দুবলার চর, আলোরকোল, আন্ধারমানিক ও হিরণ পয়েন্টের মতো পর্যটন এলাকায় দুর্ঘটনা বা হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিসকরে কাছে নেওয়ার কোনো সুযোগ থাকে না। ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে পর্যটকবাহী জাহাজে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আইরিশ নাগরিক কারমেল নইলিন’র (৫৭) মৃত্যুই তার বড় প্রমাণ।
অন্যদিকে সাগর ও নদীতে কেউ নিখোঁজ হলে তাকে উদ্ধারে পড়তে হয় বিড়ম্বনায়। দুর্ঘটনার পর বন বিভাগ, কোস্ট গার্ড ও স্থানীয় জেলেদেরই করতে হয় উদ্ধারের কাজটি। সাগরে কেউ নিখোঁজ হলে ডুবুরি দিয়ে উদ্ধারের কোনো সুযোগ থাকে না। আবহাওয়া ও সাগর-নদীর পরিস্থিতি অনুকূলে না থাকলে উদ্ধার অভিযানও দীর্ঘায়িত হয়। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় মরদেহটি কখন ভেসে উঠবে বা জেলের জালে ধরা পড়বে।
ট্যুর অপারেটদের ভাষ্য
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) যুগ্ম সাধরাণ সম্পাদক শাহেদী ইসলাম রকি বললেন, পর্যটন মৌসুমে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র বা মেডিকেল ক্যাম্প, প্রশিক্ষিত চিকিৎসাকর্মী, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন ও জরুরি ওষুধের ব্যবস্থা থাকলে অনেকটাই ঝুঁকি সামাল দেওয়া সম্ভব।
সুন্দরবনের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের ব্যাপারে বন বিভাগ, কোস্ট গার্ড ও ট্যুরিস্ট পুলিশের কাছে টোয়াসের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা জোরদারের ব্যাপারে শাহেদী ইসলাম রকি বলেন, প্রশিক্ষিত ট্যুরগাইড এবং নিরাপত্তা পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ। টোয়াসের আওতাধীন পর্যটকবাহী ছোটবড় ৭৭টি নৌযান রয়েছে। এসব নৌযানের ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক বহন করা হয় না। রয়েছে প্রশিক্ষিত ট্যুরগাইড, পর্যাপ্ত নিরপত্তারক্ষী ও অগ্নিনির্বাপনের ব্যবস্থা। তাছাড়া নৌযানের ফিটনেস ও চালকদের দক্ষতা নিয়মিত পরীক্ষা করা হয়ে থাকে। এ বিষয়গুলো বনি বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত তদারকি করা হয়। কিন্তু টোয়াসের আওতার বাইরে অনেকেই ট্যুরিজম ব্যবসা পরিচালনা করছে। শুধু নৌযানের অনুমতিপত্র থাকলেই হবে না, তাদের নৌযানের ফিটনেস, নিরাপত্তা ও ধারণসক্ষমতাসহ সব ধরণের ব্যবস্থা আছে কি না সেগুলোও নিয়মশৃঙ্খলা ও তদারকির আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।
বন বিভাগের ভাষ্য
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেছেন, গত কয়েক বছরে সুন্দরবনে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বন বিভাগ। টোয়াসের সঙ্গে একাধিকবার বৈঠক করে দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনেই পর্যটন ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে যারা ট্যুরিজম ব্যবসা পরিচলানা করছেন, তাদেরকেও টোয়াসের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।
ঝুঁকি এড়াতে ও স্বাস্থ্যসেবার বিষয়ে জানতে চাইলে সিএফ বলেন, সাগর উপকূলের পর্যটনকেন্দ্র এলাকায় বিপজ্জনক সৈকত চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। এ ছাড়া পর্যটন মৌসুমের জন্য গুরুত্বপূর্ণ স্পটগুলোতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা প্রদানকারী ফ্রেণ্ডশিপ নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে।



