খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ চারজন গ্রেপ্তার

খুলনা মহানগরে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে পরিচিত রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর রাতে নগরীর গোবরচাকা এলাকার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি নগরীর কৃষ্ণনগর এলাকার বাসিন্দা লুৎফরের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অন্য গ্রেপ্তাররা হলেন সোনাডাঙ্গা মডেল থানার খোকন কমিশনার কালভার্ট এলাকার বাসিন্দা মো. আল আমিন, পাওয়ার হাউস মোড় এলাকার বাসিন্দা মো. রানা খান এবং বসুপাড়া এতিমখানা মোড় এলাকার বাসিন্দা মো. স্বপন।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




