পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

পবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন।
এর আগে, ২০২৫ সালের ১৪ মার্চ পবিপ্রবি শাখা ছাত্রদলের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটিতে মো. জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি এবং সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক করা হয়। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।



