নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
নাটোর প্রতিনিধি

ফাইল ছবি
নাটোরের লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শামীম সরকার (২৬)। তিনি উপজেলার নাগশোষা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ওই ভবনের তিনতলায় কাজ করছিলেন শামীম। এ সময় অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহকর্মী ও স্থানীয়রা ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায়।

