বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চীনা নাগরিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লাখনি। সংগৃহীত ছবি
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
গত সোমবার রাতে খনির ভূগর্ভে দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরদিন মঙ্গলবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চীনা নাগরিকের নাম চেং শিয়াওজুন (৪৬)।
এক চিঠির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃপক্ষ।
চিঠির বিবরণ অনুযায়ী, ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খনির ভূগর্ভে কাজের অংশ হিসেবে ১৩০৫ নম্বর ক্রসকাটের সিল ওয়ালের পাশে গ্যাসের মাত্রা পরিমাপ করতে যান চেং শিয়াওজুন। এ সময় তার সঙ্গে স্থানীয় দুই শ্রমিকও ছিলেন। পরে স্থানীয় শ্রমিকেরা তাদের কাজ শেষ করে নির্ধারিত স্থানে ফিরে এলেও চেং শিয়াওজুনকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানানো হয়।
কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী তাকে খুঁজে বের করতে অভিযান চালানো হয়।
পরদিন সকাল ৭টার দিকে ১৩০৫ নম্বর ক্রসকাটের সিল ওয়াল থেকে প্রায় ২০ ফুট দূরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানির চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।



