কিউএস র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় গাকৃবি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)
গবেষণার মান, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান পরিচিতির স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাংকিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার স্কোরে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
এ সূচকে ৬১.৮ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছে। ৬৩ স্কোর নিয়ে এ তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আন্তর্জাতিক র্যাংকিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) গত ৩ নভেম্বর তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এ র্যাংকিং প্রকাশ করে।
এবারের মূল্যায়নে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় গাকৃবির এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণামুখী শিক্ষা, শিক্ষক-গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অগ্রযাত্রার একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। সার্বিক র্যাংকিংয়েও উল্লেখযোগ্য সাফল্য ধরে রেখেছে গাকৃবি। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি, এশিয়া জুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থান অর্জন করেছে গাকৃবি, যা বিশ্ববিদ্যালয়টির গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এবারের র্যাংকিংয়ে এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
এ অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা। ভবিষ্যতেও গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্র আরও সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।




