ভারত থেকে আনা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ পাকশী রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: আগামীর সময়
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) শেষে ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ পাকশী রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর এসব কোচ দিয়ে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেনের উদ্বোধন ও বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা আছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়। পরে কোচগুলো নিয়ে প্রতিনিধিরা পাকশীর উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন।
রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী (সিএন্ডডব্লিউ-২) মো. সাইফুল ইসলাম ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের কাছে কোচগুলো হস্তান্তর করা হয়।
এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১৮টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়। সেখানে কোচগুলোর বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিংয়ের কাজ করা হয়। সব পরীক্ষা শেষে গত ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক চলাচল করানো হয় কোচগুলো।
ট্রায়াল রানে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০টি কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের পরিচালক জয়দুল ইসলাম এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রায়াল রান শেষে সেদিনই কোচগুলো পঞ্চগড় থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়। পরে পরীক্ষামূলক চলাচলের ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানিয়েছেন, ভারতীয় কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এ সময় কারখানার প্রকৌশলীদের পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ দলও যুক্ত ছিলেন। তারা কোচগুলোর গতিসহ বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করেছেন। ট্রায়াল রানের ফলাফল মূল্যায়নের পর প্রয়োজনীয় কাজ শেষ করে কোচগুলো ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব কোচ দিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ইউরোপীয় মানদণ্ড অনুযায়ী তৈরি কোচগুলোয় অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় একটি কোচের ওপর আরেকটি কোচ উঠে যাওয়ার ঝুঁকি কমবে। পুরনো স্ক্রু কাপলিংয়ের পরিবর্তে উন্নত সিবিসি কাপলিং থাকায় চলাচলের সময় ঝাঁকুনিও কম হবে।
কোচগুলোয় শিশুদের পরিচর্যার জন্য আলাদা বেবি কেয়ার রুম ও নামাজের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের রেলপথের বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জার পাশাপাশি আসনে রয়েছে ভাঁজ করার সুবিধা। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম।




