ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগে কিশোর আটক

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার তালশহর ইউনিয়নে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী।
পুলিশ জানায়, ধর্ষণের পর শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই শিশুর মা জানান, মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই কিশোরের ঘরের সামনে গিয়ে মেয়ের জুতা দেখতে পান। ঘরে ঢুকে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে হাসপাতালে নেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
ওসি শফিকুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




