হিমছড়ি সৈকতে ডুবে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজার প্রতিনিধি

নিহত পর্যটক ও স্থানীয়রা
কক্সবাজারের রামুর হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মারা গেছেন তিন পর্যটক। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার বিকালে হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানিয়েছেন, পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নামলে ঢেউ ও স্রোতে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকও ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় এবং বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



