কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলনকারীরা ট্রেনের ইঞ্জিনের সামনে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের গন্তব্য নেত্রকোনার জারিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ‘আমরা কিশোরগঞ্জবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন বললেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস জেলার মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ফসল। কিশোরগঞ্জবাসীর স্বার্থ উপেক্ষা করে ট্রেনটির গন্তব্য পরিবর্তনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি সতর্ক করেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে জেলার মানুষ নীরব থাকবে না। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন চলাকালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনের ইঞ্জিনের সামনে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
কর্মসূচিতে পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ ফরিদ আহাম্মদ, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।







