ফটিকছড়িতে চা-শ্রমিকদের বেতনের ৭ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

গ্রেপ্তারদের মধ্যে ছয়জন
চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলার প্রধান আসামি মো. জাবেদও আছেন। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে।
আজ রবিবার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ির ভুজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশ (৫৩) আহত হন। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত দুইটার দিকে চা-বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ১৬ অক্টোবর বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভুজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে, বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল অভিযান চালাচ্ছে।




