অর্থ উপদেষ্টা
দেশের ৮০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৮০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই অবস্থা থেকে উঠতে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
গতকাল বুধবার রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম।
অর্থ উপদেষ্টা বলেছেন, পতিত সরকারের স্বজনতোষী অর্থনীতি, ভুলনীতি ও আমদানিনির্ভরতায় এ সংকট সৃষ্টি হয়েছে। ব্যাংকব্যবস্থা ঠিক করতে ৪০ বিলিয়ন ডলার লাগবে, এই পরিমাণ অর্থ তারা লুট করেছে। গ্যাস অনুসন্ধান বা নবায়নযোগ্য জ্বালানিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য সবার আগে টেকসই জ্বালানি নিরাপত্তা দরকার।
তিনি বলেছেন, শিক্ষিত বেকারত্ব বেড়েছে। হতাশা দূর করে দক্ষতা বাড়াতে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে। বিনিয়োগ ও টেকসই কর্মসংস্থানের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।



