রক্ত পরীক্ষার ফি নিয়েছে ৯০০, সরকারি কোষাগারে জমা ২০ টাকা
- কোটি টাকার ক্যাথল্যাব ও এমআরআই অচল
- রোগী পাঠানো হয় বাইরে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল
টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালে কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত রেখে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল শনিবার দিনব্যাপী আকস্মিক পরিদর্শনে এসব অনিয়মের প্রমাণ পান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনটি গণমাধ্যমের সামনে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে দুই ভুক্তভোগী রোগী অতিরিক্ত মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। পরে নথিপত্র যাচাই করে দেখা যায়, প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার জন্য এক রোগীর কাছ থেকে ৯০০ টাকা এবং অন্যজনের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হয়েছে। অথচ উভয় রোগীর ক্ষেত্রে সরকারি কোষাগারে জমা দেখানো হয়েছে মাত্র ২০ টাকা করে। বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালের স্টোররুম ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, হৃদরোগীদের চিকিৎসার জন্য স্থাপিত ১২ কোটি টাকা মূল্যের ক্যাথল্যাব, এমআরআই ও সিটিস্ক্যানের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীদের এসব পরীক্ষা না করিয়ে বাইরে পাঠানো হচ্ছে। এ ছাড়া ডেন্টাল ও প্যাথলজি বিভাগের অনেক দামি সরঞ্জাম স্টোররুমে পড়ে রয়েছে। এসব সরঞ্জাম কেনা বা মজুতের বৈধ নথিপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি অনেক আধুনিক যন্ত্রপাতির মোড়কও খোলা হয়নি।
অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘মেডিসিন ও সরঞ্জামের স্টোররুমসহ প্রতিটি বিভাগে বছরের পর বছর ধরে প্রাতিষ্ঠানিক অনিয়ম চলছে। আমরা সব প্রমাণ লিপিবদ্ধ করেছি। মামলার আসামি হয়ে ছুটিতে থেকে বিল উত্তোলন কিংবা অবৈধ ওয়েবসাইট পরিচালনার মতো অনিয়মগুলোতে হাসপাতালের পরিচালকের সরাসরি সহযোগিতা রয়েছে।’
এ সময় রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালে রাত ৮টা পর্যন্ত সব ধরনের প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা চালু রাখার নির্দেশ দেন তিনি।
তবে হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস এসব অনিয়মের বিষয়ে জনবল সংকটকে দায়ী করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় তীব্র জনবল সংকট রয়েছে। মূলত জনবল সংকটের কারণেই দাপ্তরিক ও ব্যবস্থাপনায় কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে।’




