কুমিল্লা
স্লিপার বাস বন্ধ করতে রাতভর অভিযান

ছবি: আগামীর সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদনহীন বিলাসবহুল এসি স্লিপার বাস চলাচল বন্ধ করতে কুমিল্লায় হাইওয়ে পুলিশ-বিআরটিএ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি বিলাসবহুল বাসে জরিমানা করা হয়।
গতকাল বুধবার রাতভর হাইওয়ে কুমিল্লার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তি মান নেতৃত্বে মিয়া বাজার ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় এই অভিযান চালায়।
আজ বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ-কুমিল্লা রিজিওনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদনহীন, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহারকারী, বেআইনিভাবে নির্ধারিত কাঠামো বা আকার পরিবর্তন করে চলাচলকারী বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এ সময় বিআরটিএর কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহমেদ, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি রুহুল আমিন, মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমারসহ বিআরটিএ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে এভার গ্রিন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলা চল, গ্রীন লাইন পরিবহনের পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিয়ে ৯৫ হাজার টাকা প্রসিকিউশন প্রদান করা হয়।
এর আগে পৃথক আরো একটি অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস এবং রয়েল কোচ পরিবহনের চারটি বিলাসবহন এসি স্লিপার কোচের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ৬০ হাজার টাকা প্রসিডিউশন করা হয়।




