ড. খন্দকার মারুফ
গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই

বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস ও আতঙ্কের রাজনীতির বিপরীতে শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্থ ধারার রাজনীতি চালু করেছেন। ইতোমধ্যে জনগণ তারেক রহমানের সূচিত সুস্থ ধারার রাজনীতিতে সামিল হয়েছেন। ফ্যাসিস্ট আ'লীগের জুলুম-নিপীড়ন ও আতঙ্কের রাজনীতি মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেঘনা উপজেলা যুবদল এই র্যালি ও সমাবেশের আয়োজন করেছে।
ড. খন্দকার মারুফ বলেন, উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ অপরিহার্য। বর্তমান সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই। অন্যায় করে বিএনপির নাম ভাঙিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
খন্দকার মারুফ ধ্বংসের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
যুবদলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'বিএনপির ভ্যানগার্ড' হিসাবে যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদল প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত। ড.খন্দকার মারুফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আইন শৃঙ্খলার উন্নতি অপরিহার্য। মাদকাসক্ত, মাদক কারবারি ও কিশোর গ্যাং সমাজের শান্তি বিনষ্ট করছে। মাদকের মরণ নেশা তরুণ প্রজন্মকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। ভাবতেই কষ্ট হচ্ছে, এই মেঘনায় বৈধ পণ্যের মতোই ইয়াবা,গাঁজা,মদ সর্বত্র অবাধে ছড়িয়ে পড়েছে। এই সব অপরাধীদের বিরুদ্ধে পরিবার থেকে কঠোর ব্যবস্থা শুরু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের অভিজাত শ্রেণির মানুষ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।
মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল হান্নান। বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে অংশ নেন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস এম সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন, অধ্যাপক শহীদুল ইসলাম, মো.শহীদুল্লাহ সরকার,আবু ইউসুব নয়ন,মো.জহিরুল ইসলাম ও দিলারা শিরীন।




