গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

নিহতের আইডি কার্ড
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিকের নাম কার্তিক। তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানান, রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কার্তিকের বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




