ফিতরার নামে বৃদ্ধা ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কারাগারে

ছবিঃ আগামীর সময়
জামালপুরের মেলান্দহ উপজেলায় ফিতরার টাকা দেওয়ার কথা বলে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত আব্দুল গফফার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত আব্দুল গফফার মেলান্দহ উপজেলার জগৎপাট্টা এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী বৃদ্ধা জানান, পবিত্র রমজান মাসে যাকাত ও ফিতরার সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। ফিতরা ও যাকাতের টাকা সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে অভিযুক্ত গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান।
পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বাড়িতে ফিরে বিষয়টি স্থানীয় লোকজন ও স্বজনদের জানান তিনি।
স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস পেলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

