‘শিক্ষক সুরক্ষা আইন’ চাইলেন শিক্ষিকা বিউটি পাল

বিউটি পাল
সাইবার বুলিং ও অনলাইন হয়রানি থেকে শিক্ষকদের সুরক্ষা নিশ্চিত করতে ‘শিক্ষক সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়নের দাবি জানিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলের শিক্ষিকা বিউটি পাল। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তাকে সমর্থন জানানো শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিউটি পাল লেখেন, ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীলসমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেছেন, ‘আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।
শিক্ষকসমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বিউটি পাল বললেন, ‘আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই—দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষকসমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিউটি পাল বললেন, ‘সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা...’ হুট করেই এই গান এখন তুমুল আলোচনায়। গানের একটি রিলস ভিডিও করেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল। এরপরই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েন তিনি। সামাজিকমাধ্যমে কোণঠাসা করে ফেলে সিলেটের স্থানীয় কিছু নিউজ পোর্টালও। তবে এটাকে তার সহকর্মীরা কোনো অন্যায় বা অনৈতিক কাজ মনে করছেন না। তারাও পাশে দাঁড়াচ্ছেন, একই গানে রিলস ভিডিও করে প্রতিবাদ করছেন।






