ফলন ভালো হলেও দামে লোকসান গুনছেন জামালপুরের মরিচ চাষিরা

ক্ষেতে কাজ করছেন এক কৃষক। ছবি: আগামীর সময়
বাড়তি লাভের আশায় অন্য ফসলের আবাদ কমিয়ে মরিচ চাষ করেছিলেন জামালপুরের কৃষকেরা। এবার ফলনও হয়েছে ভালো। কিন্তু বাজারে দাম না থাকায় লোকসানের মুখে পড়েছেন তারা। সার ও কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। অথচ বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা।
চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতে ইউরিয়া সারের সংকট থাকায় বেশি দামে সার কিনতে হয়েছে অনেককে। কেউ কেউ সময়মতো সার না পাওয়ায় জমিতে প্রয়োজনীয় মাত্রায় প্রয়োগ করতে পারেননি। এতে কিছু এলাকায় ফলনও ব্যাহত হয়েছে।
তবে কৃষি বিভাগ বলছে, জেলায় সারের কোনো সংকট নেই। চাষিরা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সার ব্যবহার করতে চান। তাই চাহিদা অনুযায়ী সার ব্যবস্থাপনা করা হচ্ছে।
জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ ও সদর উপজেলার মেষ্টা, কেন্দুয়া এবং আড়ংহাটি এলাকায় ব্যাপকভাবে মরিচের আবাদ হয়। এসব এলাকার অনেক কৃষক আগে যেসব জমিতে শাকসবজি চাষ করতেন, এবার বাড়তি লাভের আশায় সেখানে মরিচের আবাদ করেছেন।
চাষিরা জানান, এসব এলাকায় অস্থির ওয়ান, অস্থির চমক, পাতা শিট, ছাকাতা ও কারেন্ট হট জাতের মরিচের চাষ হয়। মরিচের খেতে সাধারণত পাঁচবার সার প্রয়োগ করতে হয়। কিন্তু এবার ইউরিয়া সারের সরবরাহে অনিয়ম থাকায় অনেককে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফলে ১ হাজার ৩০০ টাকার এক বস্তা সার কিনতে হয়েছে ২ হাজার টাকা পর্যন্ত দামে। আবার কেউ কেউ প্রয়োজনীয় সার না পাওয়ায় সময়মতো প্রয়োগ করতে পারেননি।
মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যের চর এলাকার মরিচচাষি মজিবর রহমান জানিয়েছেন, এবার মরিচের ফলন ভালো হলেও বাজারে দাম নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শুধু মরিচের দাম কম। সব ধরনের শাকসবজির দাম বেশি। বাড়তি দামে সার ও কীটনাশক কিনে শ্রমিকের মজুরি দিয়েও এখন লোকসান গুনতে হচ্ছে।
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রামের মরিচচাষি আব্দুর রাজ্জাকও লোকসানের কথা জানিয়েছেন। তার ভাষ্য, মরিচের আবাদ করতে সবকিছুই বাড়তি দামে কিনতে হয়েছে। অথচ উৎপাদিত মরিচের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না।
এদিকে বাজারে নতুন মরিচ উঠতে শুরু করেছে। বিভিন্ন হাটবাজার থেকে পাইকারেরা মরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। তবে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। স্থানীয় বিক্রেতারা জানান, প্রতি বস্তা মরিচ বিক্রি করেও তাদের প্রায় ৩০০ টাকা লোকসান হচ্ছে। পাইকারেরা প্রথমে প্রতি কেজি ১২ টাকা দাম বললেও পরে ১০ টাকা দিতে চান। এর সঙ্গে প্রতি বস্তায় অতিরিক্ত দুই কেজি মরিচও নিয়ে থাকেন, যা স্থানীয়ভাবে ধলদা নামে পরিচিত।
চাষিদের হিসাব অনুযায়ী, খেত থেকে প্রতি মণ মরিচ বাজারে আনতেই পরিবহন খরচ পড়ে প্রায় ৭০০ টাকা। এমন পরিস্থিতিতে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে।
পাইকারেরা কম দামে মরিচ কেনার কথা স্বীকার করেছেন। তাদের দাবি, পরিবহন ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়িক খরচও বেড়েছে। তাদের হিসাবে, এক কেজি মরিচ পরিবহনে প্রায় ৭ টাকা খরচ হয়। ১৫ টাকা কেজি দরে মরিচ কিনে রাজধানীর বাজারে ২০ টাকায় বিক্রি করতে হয়। তবে চিকন মরিচের দাম তুলনামূলক বেশি হলেও এর সরবরাহ কম।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান জানিয়েছেন, এ বছর জেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে চাষিদের সারসংকটের অভিযোগ সঠিক নয়। কোথাও সারের সংকট নেই। চাষিরা নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সার ব্যবহার করতে চান। কৃষি বিভাগ নির্ধারিত মাত্রা অনুযায়ী সার সরবরাহ করছে।
তিনি আরও জানালেন, উৎপাদন বেশি হওয়ায় বাজারে মরিচের দাম কিছুটা কমেছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, মরিচ পাকিয়ে বিক্রি করলে তুলনামূলক বেশি দাম পাওয়া যাবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জামালপুরে ৬ হাজার ৫৩০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৭ হাজার ২১৫ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৬৮৫ হেক্টর বেশি জমিতে মরিচের চাষ হয়েছে।






