গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ইয়াবা, চালক গ্রেপ্তার

কক্সবাজারে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। সংগৃহীত ছবি
কক্সবাজারে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হোসেন আলী (৪৫)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার রাত দেড়টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারে বিপুল ইয়াবা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসানো হয়।সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়।
ওসির ভাস্য, ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।





