কুমিল্লায় শ্রমিক অসন্তোষে উসকানিদাতাসহ আটক ৩৮৫

আটক কিশোর গ্যাংয়ের কয়েকজন। ছবি: আগামীর সময়
কুমিল্লার ১৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে শিল্পাঞ্চলে শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দাতাসহ ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি ৩৮৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য।
গতকাল সোমবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
এই অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ রানাকে (২৬) আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন।
আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধীদের আস্তানা রয়েছে সেসব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।




