অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এসবিএস ও সিটিজি গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন তরুণকে দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন এসবিএস গ্রুপের এবং একজন সিটিজি গ্রুপের অ্যাডমিন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, নিজেদের অবস্থান জানান দিতেই ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরাই এসবিএস ও সিটিজি নামে গ্রুপ দুটি তৈরি করেছেন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




